সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে আসছে শনিবার
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ শনিবার (৩০ অক্টোবর) সকালে দেশে পৌঁছাবে।
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বীর পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
নিহতরা হলেন- মো. শাহিন, মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব, মো. সাগর আলী, মোহাম্মদ শামিম ও মো. সাব্বির হোসেন।
চিঠিতে বলা হয়, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। এর মধ্যে নয়জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে পাঠানো হয়। অবশিষ্ট সাতজনের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়, রিয়াদ থেকে গত ১০ অক্টোবর থেকে সব ফ্লাইট স্থগিত থাকায় সড়কপথে মরদেহগুলো জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হচ্ছে। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ ফ্লাইটে আগামীকাল শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
নিহতদের মধ্যে নওগাঁ জেলার পাঁচজন এবং নাটোর জেলার দু’জন রয়েছেন। মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: