আড়াই বছর পর বরখাস্ত হলো আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন
ছবি: সংগৃহীত
কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দীর্ঘ আড়াই বছর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন হারুন অর রশীদ।
কর্মস্থল ত্যাগ ও দীর্ঘ অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব দেননি। পরবর্তীতে তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদনে হারুন অর রশীদের বিরুদ্ধে আনা ‘পলায়ন’ (Desertion) অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের এই গুরুদণ্ড প্রদান করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বরখাস্তের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, হারুন অর রশীদ একসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ ও অপারেশনস বিভাগের দায়িত্বেও ছিলেন। কর্মজীবনে বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ডের জন্য তিনি ব্যাপকভাবে আলোচিত ও বিতর্কিত হয়েছিলেন।
বিভি/এআই













মন্তব্য করুন: