গার্মেন্টস শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণে আবারও বসছে মজুরি বোর্ড
প্রতিকী ছবি (এআই)
গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করতে দ্বিতীয়বারের মতো সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। আগামীকাল সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় ঢাকায় বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। রবিবার (৮ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের জন্য নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আহ্বান করা হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। ঢাকার ৪০, সেগুনবাগিচায় শাহ পোরশিয়া ভবনের (চতুর্দশ তলা) বোর্ডের সভাকক্ষে এ সভা হবে। সভায় বোর্ডের সম্মানিত সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিদের পৃথকভাবে মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং গার্মেন্টস শিল্পে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা।
উল্লেখ্য, এ সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: