আবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, গাজীপুরে সড়ক অবরোধ
আবারও গাজীপুরে বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। ছবি: সংগৃহীত
মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। বুধবার সকালে নগরীর মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মালেকের বাড়ি ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে, দিনের শুরুতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। শ্রমিকেরা স্বাভাবিকভাবেই কারখানায় কাজে যোগ দিচ্ছিলেন। তবে সকাল সাড়ে ৯টার দিকে মালেকের বাড়ি ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে এলে পরিস্থিতির পরিবর্তন হয়। তাদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ৯টা ৫০ মিনিটে শ্রমিকদের বিক্ষোভ চলছিল।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, মালেকের বাড়ি এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
তিনি আরও জানান, গাজীপুরের অন্যান্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনেক কারখানায় উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: