হাইকোর্টের জামিনে কারামুক্ত সেই সিফাত
রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বুধবার (১৮ নভেম্বর) কারামুক্ত হন সিফাত। গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের নিজ বাসা থেকে সিফাতকে আটক করে গাছা থানা পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরপর দুই দফায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এবং ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।
পরে সিফাতের আইনজীবীরা হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে বুধবার কারাগার থেকে মুক্তি পান তিনি।
সিফাতের আইনজীবীদের দাবি, মামলার এজাহারে বিদ্যুৎ বিল নিয়ে তার মন্তব্যের কোনো উল্লেখ নেই। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: