পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন!
বাগেরহাটর মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করা হচ্ছে নিয়মিত। রোগী নিয়ে খুলনায় গেলেও ফেরার সময় ছাগল বহন করা হতো এমন অসংখ্য অভিযোগ ছিলো স্থানীয় দের। গেল ২৯ সেপ্টেম্বর রাতে খুলনার জিরো পয়েন্ট থেকে অ্যাম্বুলেন্সের চালক মো. শরীফুল কয়েকটি ছাগল অ্যাম্বুলেন্সে তোলেন। তাৎক্ষণিক তা একব্যাক্তি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেন। যেটি ব্যাপক ভাইরাল হয়।
ওই ছাগলগুলো ছিলো মোংলার ছাগল ব্যবসায়ী মো. আ. রশিদের। খুলনা থেকে ছাগলগুলো মোংলায় আনা হয়। টাকার বিনিময়ে শরীফুল প্রায়ই অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
তবে এম্বুলেন্স চালক শরীফুল বলেন, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটাই প্রথম। ছাগল পরিবহন বাবদ তিনি কোনো টাকা নেননি বলেও দাবি করেন।
আর ছাগল ব্যবসায়ী কসাই আ. রশিদ বলেন, আমি চুকনগর থেকে ছাগল কিনে নিয়ে জিরো পয়েন্টে আসি। সেখানে কোনো গাড়ি না পেয়ে অ্যাম্বুলেন্সকে সিগন্যাল দিয়ে থামিয়ে ৬টি ছাগল অ্যাম্বুলেন্সে করে মোংলায় নিয়ে আসি। এজন্য অ্যাম্বুলেন্স চালককে কোনো টাকা দিইনি। মোংলা থেকে খুলনায় রোগী নামিয়ে দিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে ছাগল আনেন শরীফুল।
এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক শরীফুলের কাছ থেকে শুক্রবার (২ অক্টোবর) চাবি নিয়ে নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
এ বিষয়ে মোংলা পোর্ট পৌরসভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব আব্দুস সালাম জানান, অ্যাম্বুলেন্স এ ছাগল বহনের ঘটনায় চালক শরীফুলের কাছ থেকে চাবি নিয়ে নেওয়া হয়েছে। একই সাথে তাকে শান্তির আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: