সিঁদুর খেলার সময় প্রাণ গেল নববধূর
ছবি: তন্নী দে (২০)
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর রাতে কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামন্ডপে এ ঘটনাটি ঘটে।
তন্নী দে কুমিরা এলাকার অমিত ডেকোরেটরের মালিক মহাদেব দে’র একমাত্র মেয়ে। গত চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রামের মৃদুল এর সঙ্গে তার বিয়ে হয়। পূজা উপলক্ষে তিনি বাবার বাড়ি পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিজয়া দশমীতে কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামন্ডপে অন্যান্য নারীর সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তন্নী। এ সময় হঠাৎ বুকে ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, রাতেই তার মরদেহ কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিভি/এআই













মন্তব্য করুন: