• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫০, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৫১, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও দ্রুত গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। খেলাধুলার মাধ্যমে সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে, যা আনন্দের ও উৎসাহব্যঞ্জক। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়।

ফাইনাল খেলায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশ নেয়। ফাইনালে আদর্শ সদর দলের রবিউল ইসলাম সবুজ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন চান্দিনা দলের মেহেদী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন ও আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং ক্রীড়ানুরাগীরা।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকেও সম্মাননা দেওয়া হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: