৫ কোটি রুপির ঘড়ি হাতে শাহরুখ খান, কী আছে এতে?
বলিউডের বাদশাহ শাহরুখ খানের স্টাইল ও আভিজাত্য বরাবরই ভক্তদের নজর কাড়ে। এবার দুবাইয়ে একটি আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে দেখা গেল কয়েক কোটি রুপি দামের একটি বিলাসবহুল ঘড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ঘড়িটি নজরে আসার পর শুরু হয়েছে আলোচনা। জানা গেছে, এটি সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান পাটেক ফিলিপের গ্র্যান্ড কমপ্লিকেশনস সিরিজের একটি ঘড়ি, যার দাম ৫ কোটি রুপিরও বেশি।
বুধবার (১১ নভেম্বর) দুবাইয়ে ডানিউবের আবাসন প্রকল্প ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাহরুখ খান। সেখানে রসিকতা, বক্তব্য ও ‘কিং’ সিনেমার ‘তু মিল যায়ে’ গানের তালে নেচে দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি পোশাক-পরিচ্ছদেও নজর কাড়েন তিনি।
অনুষ্ঠানে শাহরুখের পরনে ছিল কালো প্যান্ট ও কালো ব্লেজার। ব্লেজারের কলার, হাতা ও পকেটে ছিল বিশেষ নকশার কাজ। সঙ্গে কালো জুতা, রঙিন কাচের চশমা, ব্রেসলেট, হীরার আংটি, হীরার নেকলেস এবং তার পরিচিত কালো ইয়ার কাফ। তার স্ত্রী ও খ্যাতিমান ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানও এদিন কালো পোশাকে উপস্থিত ছিলেন।
তবে শাহরুখের পুরো সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হাতের ঘড়িটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও বিশ্লেষণ এবং গুগল লেন্সের অনুসন্ধানে ঘড়িটিকে পাটেক ফিলিপের গ্র্যান্ড কমপ্লিকেশনস সিরিজের বলে শনাক্ত করা হয়েছে।
ঘড়িটির দাম মডেল ও নকশাভেদে প্রায় ৩ কোটি থেকে ৬ কোটি রুপির বেশি। অনলাইন বিলাসবহুল ঘড়ি বিক্রির প্ল্যাটফর্ম ক্রোনো২৪-এ কালো বেজেলের একটি সংস্করণের দাম ৩ কোটি ৮ লাখ রুপি। নীল বেজেলের দুটি সংস্করণের দাম যথাক্রমে ৫ কোটি ২২ লাখ ও ৬ কোটি ৩ লাখ রুপি।
ঘড়িটির একটি বিশেষ সংস্করণ পাটেক ফিলিপ গ্র্যান্ড কমপ্লিকেশনস ৫২৭১/১১পি-০১০। এর ব্যাস ৪১ মিলিমিটার। প্লাটিনাম দিয়ে তৈরি ঘড়িটির বেজেল ও দুই পাশের অংশে বসানো রয়েছে ৫৮টি ব্যাগেট কাট নীল নীলকান্তমণি। এ ছাড়া ঘড়ির ভাঁজ করা ক্ল্যাস্পেও রয়েছে আরও ২২টি ব্যাগেট কাট নীল নীলকান্তমণি।
অভিজাত নির্মাণশৈলী, মূল্যবান রত্নপাথর ও সূক্ষ্ম কারুকাজের সমন্বয়ে তৈরি এই ঘড়ি বিলাসবহুল ঘড়ির জগতে বিশেষ স্থান দখল করে আছে। শাহরুখের হাতেও এটি আভিজাত্যের এক অনন্য অনুষঙ্গ হয়ে উঠেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বলিউড নির্মাতা করণ জোহর। একপর্যায়ে নিজের বাড়ি মান্নাতের সিদ্ধান্ত গ্রহণে গৌরী খানের প্রভাব নিয়ে মজা করেন শাহরুখ।
হাস্যরসের ছলে তিনি বলেন, নিজের বাড়িতে তিনি কোনো কিছু নিয়েই সিদ্ধান্ত দিতে পারেন না। বাড়ির সবকিছুই গৌরী খানের পছন্দ ও সিদ্ধান্ত অনুযায়ী চলে।
শাহরুখের ভাষায়, বাড়ির ওয়াই-ফাই, বিছানায় বসে খাবার খাওয়া, দেয়ালের রং, ছবি, সিঁড়ি, লিফট, ছাদ, ঝাড়বাতি কিংবা আলোর ব্যবস্থা—কোনো বিষয়েই তার কথা বলার সুযোগ নেই। এসব বিষয়ে গৌরীর সিদ্ধান্তই চূড়ান্ত। শাহরুখের এমন মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
সূত্র: এনডিটিভি
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: