• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

৩৫ হাজার জাতীয় পরিচয়পত্র লক, কারণ জানালো ইসি

প্রকাশিত: ২০:৪২, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৩৫ হাজার জাতীয় পরিচয়পত্র লক, কারণ জানালো ইসি

নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে লক হয়ে আছে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য। সফটওয়্যার জটিলতায় সৃষ্ট এই পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিম কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি কেনা-বেচা ও পাসপোর্ট নবায়নের মতো জরুরি কাজেও পড়তে হচ্ছে বিপত্তিতে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্র জানায়, বিভিন্ন কারণে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা হয়েছে। এসব কারণের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে একাধিকবার ভোটার হওয়ার ঘটনা। এ ছাড়া আদালতের নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেও কিছু এনআইডি লক করা হয়েছে।

একাধিকবার ভোটার হওয়ার কারণে যাদের এনআইডি লক করা হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের একটি পরিচয়পত্র সচল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রাখা হয় এবং পরবর্তী সময়ে নেওয়া পরিচয়পত্রটি বাতিল করা হয়। তবে প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজনীয় যাচাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

কতদিন ধরে এসব এনআইডি লক অবস্থায় রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না সংশ্লিষ্ট শাখা। কর্মকর্তারা জানান, লক হওয়া এনআইডির সংখ্যা অনেক হওয়ায় প্রতিটির সময়কাল আলাদাভাবে নির্ধারণ করা কঠিন। তবে যেসব নাগরিক তাদের লক হওয়া এনআইডি সচল করার জন্য ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করছেন, তাদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বর্তমানে লক হওয়া এনআইডি আনলক করতে নাগরিকদের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে হচ্ছে। এতে ঢাকার বাইরে থাকা নাগরিকদের বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ সমস্যা নিরসনে মাঠপর্যায় থেকেই এনআইডি-সংক্রান্ত জটিলতা সমাধানের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

বিভি/টিটি

মন্তব্য করুন: