সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন, যা জানালেন তথ্যমন্ত্রী
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের দায়ে শাস্তির বিধান যুক্ত করতে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের পরিকল্পনা করেছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ পরিকল্পনার কথা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত আইন সংশোধনের মাধ্যমে বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিলকে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের অনলাইন ডেটাবেইস তৈরির ক্ষমতা দেওয়ার কথা ভাবছে সরকার। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করতে তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও পেতে পারে প্রতিষ্ঠানটি।
তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকতার পেশাগত মান বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। মিথ্যা ও হয়রানিমূলক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সাংবাদিকতার নীতিমালা এবং জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়গুলোও এর আওতায় আসতে পারে।
এ ছাড়া প্রস্তাবিত সংশোধনীতে আচরণবিধি লঙ্ঘন করে সংবাদ প্রকাশ বা মুদ্রণের ক্ষেত্রে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করার ক্ষমতা প্রেস কাউন্সিলকে দেওয়ার কথা বলা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আদেশ দেওয়ার ক্ষমতাও পেতে পারে প্রতিষ্ঠানটি। গুজব, ভুয়া খবর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগও এর আওতায় থাকবে।
এদিকে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে সরকার নিয়মিত আলোচনা ও পরামর্শ করছে। এর মধ্যে রয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
প্রতিমন্ত্রী জানান, এসব সংগঠনের মতামতের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেইস তৈরির পরিকল্পনা রয়েছে। কে সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন, সে বিষয়ে মানদণ্ড নির্ধারণে সাংবাদিক সংগঠনগুলোর মতামতকে গুরুত্ব দিতে চায় সরকার।
তিনি আরও বলেন, কে কোন পেশায় যুক্ত হবেন কিংবা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়। সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ।
বিভি/টিটি













মন্তব্য করুন: