এক লাফে প্রায় ৫ হাজার টাকা বাড়লো জুতা কারখানার শ্রমিকদের মজুরি
ছবি: সংগৃহীত
ছয় বছর পর নতুন মজুরিকাঠামো পেয়েছেন চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীরা। নতুন কাঠামোতে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করেছে সরকার। আর কর্মচারীদের সর্বনিম্ন মজুরি করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। পাশাপাশি প্রতিবছর ৫ শতাংশ হারে মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সপ্তাহে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে এ খাতের শ্রমিক-কর্মচারীদের মজুরি নির্ধারণ করা হয়েছিল।
নতুন মজুরিকাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৭ হাজার ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১ হাজার ৯০০ টাকা। অন্যদিকে কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার ৫২৫ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা করা হয়েছে। শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড
নতুন কাঠামোয় শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। এই মজুরির মধ্যে মূল বেতন ৬ হাজার টাকা, বাড়িভাড়া ৩ হাজার, চিকিৎসা ভাতা ১ হাজার, যাতায়াত ভাতা ৬০০ এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা।
সব গ্রেডের শ্রমিক চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে সমান ২ হাজার ৯০০ টাকা পাবেন।
এ ছাড়া পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা, তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বোচ্চ প্রথম গ্রেডে থাকা চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদে কর্মরত শ্রমিকদের মাসিক মজুরি হবে ২৩ হাজার ২৫৫ টাকা।
কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ১৪,৪০৫ টাকা
কর্মচারীদের জন্য নির্ধারণ করা হয়েছে চারটি গ্রেড। এর মধ্যে সর্বনিম্ন চতুর্থ গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা, বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে ২ হাজার ৯০০ টাকা।
তৃতীয় গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডের ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া শিক্ষানবিশ শ্রমিকদের মাসিক মজুরি হবে ১০ হাজার টাকা। তাদের শিক্ষানবিশকাল তিন মাস। তবে প্রয়োজন মনে করলে মালিকপক্ষ এ সময় বাড়াতে পারবে।
মজুরি নিয়ে শ্রমিকপক্ষের অসন্তোষ
জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করা হয়। কয়েক দফা বৈঠকের পর গত আগস্টে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে বোর্ড।
আলোচনার শুরুতে শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল ৮ হাজার টাকা।
দেশে বর্তমানে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কাজ করেন দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী। নতুন কাঠামোয় তাদের আয় বাড়লেও বর্তমান বাজারদরের সঙ্গে নির্ধারিত মজুরি কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক প্রতিনিধিরা।
মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মালিকেরা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছেন। অন্যদিকে মূল্যস্ফীতির চাপে শ্রমিকেরাও ভালো নেই। সব দিক বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে।
তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী এ মজুরিতে সন্তুষ্ট নন। তিনি বলেন, ‘শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কারণ নেই। কারণ, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি যায় না।’
শ্রমিকপক্ষ শুরুতে সাড়ে ১২ হাজার টাকার প্রস্তাব না দিয়ে তুলনামূলক কম মজুরির প্রস্তাব করেছিল কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই কম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছিল।
বিভি/এজেড













মন্তব্য করুন: