• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?-জানালো আবহাওয়া অধিদফতর

প্রকাশিত: ২০:০৫, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?-জানালো আবহাওয়া অধিদফতর

নভেম্বরের মাঝামাঝি পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টিপাত। রাজধানী ঢাকাসহ কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারি বর্ষণ হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে এমন আবহাওয়া তৈরি হয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, চলমান বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। এ ছাড়া সাতক্ষীরা, চাঁদপুর, খুলনা, কুমিল্লা, বরিশালসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় রেকর্ড করা হয়েছে ১৯ মিলিমিটার বৃষ্টি।

আবহাওয়াবিদদের মতে, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। এসব আবহাওয়াব্যবস্থার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে।

আবহাওয়া অধিদফতরের শুক্রবার সকালের পূর্বাভাস অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে এবং ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করেছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল ছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে তখনো বৃষ্টি শুরু না হলেও এসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে রেকর্ড করা বৃষ্টিপাতের পরিমাণের মধ্যে যশোরে ১২৩ মিলিমিটার, সাতক্ষীরায় ৬০, চাঁদপুরে ৫০, খুলনায় ৪৯, কয়রায় ৪৬, কুমিল্লায় ৪১, মাদারীপুর ও গোপালগঞ্জে ৩৬ এবং বরিশালে ৩১ মিলিমিটার রয়েছে। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১৯ মিলিমিটার।

আবহাওয়ার পরিভাষায় ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারি বর্ষণ বলা হয়। সেই হিসাবে যশোরে অতি ভারি বর্ষণ হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ বেশ কয়েকটি অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে। অক্টোবর মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর ধীরে ধীরে শুষ্ক মৌসুম শুরু হয়। তবে নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এসবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিকের ব্যাখ্যা অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির দুটি প্রধান মৌসুম রয়েছে। একটি বর্ষার আগে এবং অন্যটি বর্ষার পরে, বিশেষ করে অক্টোবর ও নভেম্বর মাসে। আবহাওয়াবিজ্ঞানে এই বৈশিষ্ট্যকে ‘বাইমোডাল’ বা দ্বিমৌসুমি প্রবণতা বলা হয়।

এ সময় বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা উষ্ণ থাকে। সমুদ্রপৃষ্ঠের পাশাপাশি পানির নিচের বিভিন্ন স্তরেও তাপ সঞ্চিত থাকে। পানির তাপমাত্রা প্রায় ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় বাষ্পীভবনের মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করে। এই জলীয় বাষ্প সাগরে লঘুচাপ শক্তিশালী হওয়ার অনুকূল পরিবেশ তৈরি করে।

পরবর্তী সময়ে অনুকূল পরিস্থিতিতে লঘুচাপ থেকে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

এ ছাড়া প্রশান্ত মহাসাগর থেকে দক্ষিণ চীন সাগর ও আন্দামান সাগর হয়ে আসা বায়ুপ্রবাহও বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টিতে ভূমিকা রাখে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশে আঘাত না করলেও ভারতের পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূল অতিক্রম করার সময় জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশে প্রবেশ করতে পারে। এতে মেঘের সৃষ্টি হয়ে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়।

আবহাওয়া অধিদফতরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে চলতি মাসে দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা বিভাগে স্বাভাবিক ২৬ মিলিমিটারের বিপরীতে এবার ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। খুলনায় স্বাভাবিক ২৯ মিলিমিটারের বিপরীতে ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং বরিশালে স্বাভাবিক ৪৪ মিলিমিটারের বিপরীতে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক ৩৯ মিলিমিটারের বিপরীতে ৩৫ থেকে ৮০ মিলিমিটার এবং সিলেটে স্বাভাবিক ২৫ মিলিমিটারের বিপরীতে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

তবে আবহাওয়াবিদ বজলুর রশীদের মতে, শুক্রবার ও শনিবার একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকলে চলতি মাসে মোট বৃষ্টির পরিমাণ স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যেতে পারে।

এখন পর্যন্ত নভেম্বর মাসে মোট কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ মাসে সাধারণত তিন থেকে পাঁচ দিন বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল। এবার বিভিন্ন বিভাগে গড়ে দুই থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছিল।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে মাসের পূর্বাভাসে উল্লেখ করা বৃষ্টির দিনের সংখ্যাও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বৃষ্টিতেই কি নামবে শীত?
নভেম্বরের বৃষ্টি শুরু হলেই অনেকের মনে প্রশ্ন জাগে, এই বৃষ্টির পরই কি শীত জেঁকে বসবে? আবহাওয়াবিদরা বলছেন, চলমান বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা কমতে পারে। তবে এটিকে শীতের স্থায়ী আগমন হিসেবে দেখার সুযোগ নেই।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, বৃষ্টিপাতের পর রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে ঠান্ডার অনুভূতি বাড়বে। তবে পরবর্তী সময়ে তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তার মতে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। এর প্রভাব প্রথমে দেশের উত্তরাঞ্চলে বেশি অনুভূত হবে। ঢাকা ও দক্ষিণাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে আরও কিছুটা সময় লাগতে পারে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিকও বলছেন, শুধু বৃষ্টিপাতের কারণে শীতের আগমন ঘটে না। নভেম্বরের শেষ দিকে দিনের দৈর্ঘ্য কমে এবং রাত বড় হতে থাকে। ফলে সূর্যের তাপ পাওয়ার সময় কমে আসে। এর ধারাবাহিকতায় ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করে।

সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে শীতকাল বিরাজ করে। তবে নভেম্বরের শেষ দিক থেকেই শীতের আগমনী পরিস্থিতি তৈরি হতে থাকে।

এবারের শীত কেমন হতে পারে?
চলতি মৌসুমে বাংলাদেশে তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। তার ধারণা, গত ৩০ বছরের গড়ের তুলনায় এবার শীতকালে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব তুলনামূলক কম হওয়ার পাশাপাশি শীতের সামগ্রিক স্থায়িত্বও কিছুটা কমতে পারে।

তবে এর অর্থ এই নয় যে এবার শীত পড়বে না কিংবা শৈত্যপ্রবাহ বয়ে যাবে না।

আবহাওয়া অধিদফতরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ, চলমান বৃষ্টির পর সাময়িক ঠান্ডা অনুভূত হলেও শীতের প্রকৃত আমেজ পেতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

বিভি/টিটি

মন্তব্য করুন: