ডিসেম্বরে শেষ গঙ্গা চুক্তি: বৈঠক করতে ঢাকায় ভারতের প্রতিনিধিদল
গঙ্গার পানি বণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে চার সদস্যের ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় এসেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশে রওনা হয়। শনিবার শুরু হওয়া এই বৈঠক চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।
ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) প্রধান শরদ চন্দ্রের নেতৃত্বে প্রতিনিধিদলটির এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর কয়েক সপ্তাহ বাকি। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা।
তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো বা নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই কারিগরি কমিটির নেই। বৈঠকে মূলত চুক্তির আওতায় নদীর পানিপ্রবাহ ও বণ্টন পর্যবেক্ষণসংক্রান্ত নিয়মিত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা।
নবায়ন, নাকি নতুন চুক্তি?
প্রতিবেদন অনুযায়ী, চুক্তি নবায়ন, অন্তর্বর্তী সময়ের জন্য মেয়াদ বাড়ানো কিংবা নতুন শর্ত নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভর করছে।
বাংলাদেশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ১৯৯৬ সালের চুক্তিটি একই শর্তে নবায়নের পরিবর্তে ভারতের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে চায় ঢাকা। বিশেষ করে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির চাহিদা পূরণ এবং ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে সুনির্দিষ্ট নিশ্চয়তা বা সুরক্ষামূলক ধারা রাখার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।
দুই দেশের অভিন্ন নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের আলোচনার মধ্যে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এই কারিগরি বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: