হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের এক বছর, প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন এনসিপির
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্ণ হয়েছে। তবে ভারতে অবস্থান করায় এখনো তাঁকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যর্পণ, বিচারপ্রক্রিয়ার পূর্ণ বাস্তবায়ন এবং রাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রায়ের এক বছর পূর্তিতে এসব বিষয় সামনে রেখে বিএনপি সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তাকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের দাবি জানিয়ে আসছে বিভিন্ন পক্ষ। তবে ভারতে অবস্থান করায় তার প্রত্যর্পণ নিয়ে তৈরি হয়েছে কূটনৈতিক ও আইনি জটিলতা।
রায়ের এক বছর পূর্তিতে মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দলটির জুলাই গণঅভ্যুত্থান সেল।
সভায় বিএনপি সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন এনসিপির নেতারা। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
আলোচনা সভায় অংশ নেওয়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের রায় কার্যকরের দাবি জানান। তাদের প্রত্যাশা, শুধু রায় ঘোষণা নয়, এর পূর্ণ বাস্তবায়নও নিশ্চিত করবে রাষ্ট্র।
আলোচনা সভা শেষে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
বিভি/এমআরএস/পিএইচ













মন্তব্য করুন: