আ.লীগ নেতা মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ভাইকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি করেছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। নাশকতার পরিকল্পনার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে দাবি তার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন নয়ন। পোস্টে তিনি লেখেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ভাইকে নাশকতার পরিকল্পনাকালে কলাবাগান থেকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ।’
তবে মির্জা আজম আওয়ামী লীগের কোন পদে রয়েছেন, তা পোস্টে উল্লেখ করেননি নয়ন। একই সঙ্গে আটক ব্যক্তির নাম-পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফেসবুকে প্রকাশিত ভিডিওতে নয়নকে বলতে শোনা যায়, আটক ব্যক্তি মির্জা আজমের ভাই। তাকে আটকের সময় পুলিশের একজন ডিআইজি ফোন করে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। ওই ডিআইজিকে সামনে আনার দাবি জানিয়ে নয়ন বলেন, ‘মির্জা আজমের ভাইকে ধরা যাবে না—সেই ডিআইজিকে সামনে চাই।’
এ সময় আটক ব্যক্তির ওপর কোনো ধরনের শারীরিক আঘাত না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন যুবদলের এই নেতা। তিনি বলেন, ‘আমাদের কাজ পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা।’
ভিডিওতে আটক ব্যক্তিকে নিজেকে কখনো রাজনীতি না করার দাবিও করতে শোনা যায়। এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিভি/এজেড













মন্তব্য করুন: