সঙ্গী মাইক্রো-চিটিং করছে না তো? বুঝবেন যেসব লক্ষণে
সম্পর্কে প্রতারণা মানেই সবসময় অন্য কারো সঙ্গে প্রেম বা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া নয়। অনেক সময় ছোট ছোট কিছু আচরণ থেকেই সম্পর্কে অবিশ্বাসের শুরু হতে পারে। যেমন—গোপনে কারো সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠভাবে কথা বলা, নিয়মিত ফ্লার্ট করা, প্রাক্তনের সঙ্গে লুকিয়ে যোগাযোগ রাখা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট কারো প্রতি বিশেষ আগ্রহ দেখানো।
সম্পর্কবিষয়ক আলোচনায় এসব আচরণকে অনেক সময় ‘মাইক্রো-চিটিং’ বলা হয়। তবে এর কোনো সর্বজনস্বীকৃত সংজ্ঞা নেই। একটি সম্পর্কে যে আচরণ স্বাভাবিক, অন্য সম্পর্কে সেটিই সীমালঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। তাই কোনো একটি আচরণ দেখেই কাউকে প্রতারক হিসেবে চিহ্নিত করা ঠিক নয়।
মাইক্রো-চিটিং কী?
মাইক্রো-চিটিং বলতে সাধারণত এমন কিছু ছোট আচরণকে বোঝানো হয়, যা সরাসরি শারীরিক সম্পর্কে জড়ানো নয়; কিন্তু সম্পর্কের বিশ্বাস, স্বচ্ছতা ও নির্ধারিত সীমারেখা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
নিয়মিত অন্য কারো সঙ্গে ফ্লার্ট করা, আকর্ষণীয় কারো ছবি বা পোস্টে বিশেষ ধরনের মন্তব্য করা, সঙ্গীর কাছ থেকে কারো সঙ্গে যোগাযোগের বিষয়টি লুকানো, প্রাক্তনের সঙ্গে গোপনে যোগাযোগ রাখা কিংবা সম্পর্কে থাকার পরও ডেটিং অ্যাপ ব্যবহার করা—এসব আচরণকে সম্পর্ক বিশেষজ্ঞরা মাইক্রো-চিটিংয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
মাইক্রো-চিটিংয়ের লক্ষণ কী?
সম্প্রতি সাইকোলজি টুডের এক ব্যাখ্যায় বলা হয়েছে, সঙ্গী যদি নিয়মিত কারো সঙ্গে যোগাযোগ লুকাতে থাকেন, নির্দিষ্ট কাউকে আপনার চেয়ে বেশি গুরুত্ব দেন, কোনো ব্যক্তির বিষয়ে প্রশ্ন করলে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়েন বা আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় তাহলে বিষয়টি নিয়ে কথা বলা প্রয়োজন হতে পারে।
তবে এসবের কোনো একটি ঘটলেই যে প্রতারণা হচ্ছে, এমন নয়। বরং একটি আচরণের চেয়ে ধারাবাহিক গোপনীয়তা ও সীমারেখা ভাঙার প্রবণতা বেশি গুরুত্বপূর্ণ।
কেন মানুষ মাইক্রো-চিটিং করে?
এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, বাইরের মানুষের কাছ থেকে প্রশংসা কুড়ানো বা কাজের স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা থেকে হতে পারে। এছাড়াও নিজের সম্পর্কে অসন্তুষ্টি, নতুনত্বের আকর্ষণ কিংবা অন্য কারো সঙ্গে আবেগগত সংযোগ তৈরির প্রবণতা এর পেছনে থাকতে পারে।
তবে কারণ যাই হোক, গোপনীয়তা যদি সম্পর্কে বিশ্বাসের সমস্যা তৈরি করে, তাহলে বিষয়টি এড়িয়ে যাওয়া ঠিক নয়।
সঙ্গীর মাইক্রো-চিটিং ধরা পড়লে আপনার কষ্ট হতে পারে। রাগ হতে পারে। তবে রাগের মাথায় এই ৫ ভুল করবেন না-
সঙ্গে সঙ্গে সম্পর্ক শেষ করে ফেলবেন না
সঙ্গীর এমন আচরণ জানতে পারলে রাগ, কষ্ট বা অপমানবোধ হওয়া স্বাভাবিক। কিন্তু সেই মুহূর্তেই ব্রেকআপ বা বিচ্ছেদের মতো বড় সিদ্ধান্ত নেওয়া জরুরি নয়। আগে বোঝার চেষ্টা করুন, ঠিক কী ঘটেছে? এটি কি একবারের ঘটনা, নাকি দীর্ঘদিনের আচরণ? সঙ্গী কি বিষয়টি লুকিয়েছেন? নাকি আপনাদের সম্পর্কের সীমারেখা নিয়েই দুজনের ধারণা আলাদা?
বিশেষজ্ঞরা সম্পর্কের এমন পরিস্থিতিতে সরাসরি অভিযোগের বদলে খোলামেলা আলোচনা এবং পরিস্থিতি বোঝার ওপর গুরুত্ব দিয়েছেন।
প্রতিশোধ নিতে যাবেন না
রাগের মাথায় সঙ্গীর ব্যক্তিগত ছবি, মেসেজ বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকুন।
সঙ্গীর ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যম গোপনে নজরদারি করাও সমস্যার সমাধান নয়।
সাইকোলজি টুডের মতে, এ ধরনের নজরদারি সম্পর্কে অবিশ্বাস আরও বাড়িয়ে দিতে পারে। সন্দেহ থাকলে সরাসরি আলোচনা করাই ভালো।
সব দোষ নিজের ওপর নেবেন না
‘আমার জন্যই সে অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে’ এমন ভাবনা প্রতারণার পর অনেকের মধ্যেই তৈরি হতে পারে। সম্পর্কে সমস্যা থাকলে দুজনেরই তা নিয়ে কথা বলা দরকার। কিন্তু সঙ্গীর কোনো গোপন বা সীমালঙ্ঘনকারী আচরণের পুরো দায় নিজের ওপর নেওয়া ঠিক নয়।
বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের সীমারেখা আগে থেকেই পরিষ্কার করে নেওয়া গুরুত্বপূর্ণ। কোন আচরণ দুজনের কাছে গ্রহণযোগ্য এবং কোনটি নয়, তা নিয়ে খোলামেলা আলোচনা থাকলে পরবর্তী ভুল বোঝাবুঝি কমতে পারে।
শুধু ‘স্যরি’ শুনেই আগের মতো বিশ্বাস করবেন না
সঙ্গী ক্ষমা চাইতেই পারেন। কিন্তু বিশ্বাস শুধু কথায় ফিরে আসে না। সে নিজের আচরণের দায়িত্ব নিচ্ছে কি না, বিষয়টি নিয়ে সত্যি কথা বলছে কি না এবং ভবিষ্যতে সম্পর্কের সীমারেখা মেনে চলতে প্রস্তুত কি না-এসব দেখতে হবে।
সাইকোলজি টুডের সম্পর্কবিষয়ক একটি বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্বাস পুনর্গঠনের ক্ষেত্রে ধারাবাহিক সততা ও দায়িত্বশীল আচরণ গুরুত্বপূর্ণ।
একা সবকিছু সামলানোর চেষ্টা করবেন না
বিশ্বাসভঙ্গের ঘটনা মানসিকভাবে কঠিন হতে পারে। তাই প্রয়োজন হলে বিশ্বস্ত বন্ধু, পরিবারের সদস্য বা পেশাদার কাউন্সেলরের সঙ্গে কথা বলুন। সম্পর্কটি টিকিয়ে রাখার সিদ্ধান্ত নিলে কাপল থেরাপি বা কাউন্সেলিংও বিবেচনা করা যেতে পারে।
যখন বিষয়টি নিয়ে বেশি সতর্ক হবেন
একটি লাইক, একটি মেসেজ বা বন্ধুত্ব মানেই মাইক্রো-চিটিং নয়। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, বিষয়টি অনেকটাই নির্ভর করে দুজনের সম্মত সীমারেখার ওপর। তবে যদি সঙ্গী বারবার একই আচরণ করেন, ইচ্ছাকৃতভাবে যোগাযোগ লুকান, প্রশ্ন করলে মিথ্যা বলেন বা অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে ওঠেন, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা প্রয়োজন।
বিশেষ করে কোনো আচরণ যদি বারবার ঘটতে থাকে এবং তাতে আপনার বিশ্বাস বা নিরাপত্তাবোধ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটিকে উপেক্ষা না করে সম্পর্কের সীমারেখা নিয়ে কথা বলা জরুরি।
মাইক্রো-চিটিং মানেই কি বড় চিটিং?
অবশ্যই নয়। বিশেষজ্ঞদের ব্যাখ্যায় মাইক্রো-চিটিং একটি ধূসর ক্ষেত্র। একই আচরণ একটি সম্পর্কে স্বাভাবিক হতে পারে, আবার অন্য সম্পর্কে সেটিই বিশ্বাসভঙ্গ হিসেবে বিবেচিত হতে পারে। তবে ধারাবাহিক গোপনীয়তা, মিথ্যা এবং সম্পর্কের নির্ধারিত সীমারেখা অমান্য করা হলে তা সম্পর্কে অবিশ্বাস তৈরি করতে পারে। তাই বিষয়টি ছোট বলে একেবারে উপেক্ষা করাও ঠিক নয়।
উল্লেখ্য, মাইক্রো-চিটিং নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলামেলা যোগাযোগ এবং স্পষ্ট সীমারেখা। সঙ্গীর আচরণে সন্দেহ হলেই সরাসরি তাকে প্রতারক হিসেবে চিহ্নিত না করে আগে কথা বলুন।
বিভি/টিটি













মন্তব্য করুন: