বারবার প্রাক্তনের প্রোফাইলে ঢুঁ মারছেন? অভ্যাস বদলাবেন যে ৫ উপায়ে
‘আর কখনো তার প্রোফাইলে ঢুকব না’—নিজেকেই দেওয়া এই প্রতিশ্রুতি কতবার ভেঙেছেন? সম্পর্ক শেষ হওয়ার পরও প্রাক্তনের সামাজিক যোগাযোগমাধ্যমে উঁকি দেওয়ার অভ্যাস থেকে যায়। নতুন ছবি দেখার কৌতূহল থেকে শুরু করে পুরোনো পোস্ট ঘাঁটা—সবই চক্রাকারে চলতে থাকে। আর বাড়ে নিজের মানসিক চাপ। অথচ কয়েকটি ছোট অভ্যাস বদলেই এই চক্র থেকে বের হওয়া সম্ভব।
১. এক্সের প্রোফাইলটি চোখের আড়ালে রাখুন
প্রাক্তন সঙ্গীর পোস্ট বা স্টোরি বারবার সামনে এলে তার প্রোফাইলে ঢোকার আগ্রহও বাড়তে পারে। তাই কিছুদিনের জন্য তাকে মিউট বা আনফলো করে রাখতে পারেন। চাইলে কয়েক দিনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও বিরতি নিতে পারেন।
এ জন্য অবশ্যই ব্লক করতে হবে, এমন নয়। আপনার মানসিক স্বস্তির জন্য যে পদ্ধতিটি স্বাচ্ছন্দ্যকর মনে হয়, সেটিই বেছে নিন।
২. প্রোফাইলে ঢোকার আগে নিজেকে প্রশ্ন করুন
প্রাক্তনের প্রোফাইল খুলতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন—আমি আসলে কী জানতে চাই?
সে কি আমাকে মিস করছে? নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে কি না? নাকি শুধু জানতে চাই, আমাকে ছাড়া সে কেমন আছে?
অনেক সময় কোনো নির্দিষ্ট উত্তর পাওয়ার জন্য নয়, শুধুই কৌতূহল থেকে প্রাক্তনের প্রোফাইলে ঢোকা হয়। তবে সেখানে যা দেখবেন, তা আপনার সব প্রশ্নের উত্তর নাও দিতে পারে। বরং নতুন কোনো প্রশ্ন বা অস্বস্তি তৈরি হতে পারে।
৩. প্রোফাইল দেখার ইচ্ছা হলে অন্য কাজে মন দিন
হঠাৎ প্রাক্তনের প্রোফাইল দেখার ইচ্ছা হলে সঙ্গে সঙ্গে ফোন হাতে নেবেন না। গান শুনতে পারেন, কিছুক্ষণ হাঁটতে পারেন, বন্ধুকে মেসেজ দিতে পারেন, সিনেমা বা সিরিজ দেখতে পারেন কিংবা অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন।
মাত্র ১০ থেকে ১৫ মিনিট অন্যদিকে মনোযোগ দিলেও অনেক সময় তাৎক্ষণিকভাবে প্রোফাইল দেখার তাগিদ কমে যেতে পারে।
৪. এক্সের সঙ্গে নিজের তুলনা বন্ধ করুন
প্রাক্তন হয়তো নতুন ছবি দিয়েছেন, বন্ধুদের সঙ্গে ঘুরছেন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বেশ হাসিখুশি দেখাচ্ছে। এসব দেখে মনে হতে পারে, ‘সে তো আমাকে ছাড়াই ভালো আছে।’
কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মানুষের পুরো জীবন দেখা যায় না। মানুষ সাধারণত নিজের ভালো সময় ও পছন্দের মুহূর্তগুলোই সেখানে তুলে ধরেন। তাই প্রাক্তনের অনলাইন জীবন দেখে নিজের জীবনের সঙ্গে তুলনা করা ঠিক নয়। কে কত দ্রুত সম্পর্ক ভেঙে এগিয়ে গেল—এমন কোনো প্রতিযোগিতাও নেই।
৫. কয়েক দিনের জন্য একদম খোঁজ নেবেন না
নিজের জন্য ছোট একটি চ্যালেঞ্জ নিতে পারেন। যেমন—সাত দিন প্রাক্তনের কোনো আপডেট দেখবেন না। প্রথম দিকে কঠিন লাগতে পারে। বারবার মনে হতে পারে, ‘একবার দেখি কী করছে।’
এমন ইচ্ছা হলে সঙ্গে সঙ্গে সেই তাগিদ মেটানোর চেষ্টা না করে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং অন্য কোনো কাজে মন দিন। সাত দিন পর হয়তো নিজেই বুঝতে পারবেন, আগের মতো আর প্রোফাইল দেখার তাগিদ হচ্ছে না।
সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তন সঙ্গীর প্রতি কৌতূহল থাকা অস্বাভাবিক নয়। তবে তার জীবনে কী ঘটছে, তা জানতে গিয়ে যদি নিজের মন খারাপ হয় বা স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়ে, তাহলে কিছুটা দূরত্ব তৈরি করাই হতে পারে নিজের প্রতি যত্ন নেওয়ার একটি উপায়।
বিভি/টিটি













মন্তব্য করুন: