• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

খাগড়াছড়িতে বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণকে দল থেকে বহিষ্কার

প্রকাশিত: ২০:১২, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণকে দল থেকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কৃত হয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান। সমীরণ দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। 

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার দায়ে সমীরণ দেওয়ানকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।

এর আগে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যতীন্দ্র লাল ত্রিপুরার কাছে বিপুল ভোটে হেরে যান তিনি। নৌকা প্রতীকে যতীন্দ্র পান ১ লাখ ২২ হাজার ৭৫০ ভোট, সমীরণ পায় ৬২ হাজার ৪৮।

২০০৮ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর সমীরণকে খাগড়াছড়ির রাজনীতিতে সক্রিয় দেখা যায়নি বলে অভিযোগ বিএনপির নেতা-কর্মীদের। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, 'দলের মনোনয়ন না পেয়ে সমীরণ দেওয়ান এখন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তিনি গত ১৭ বছর খাগড়াছড়িতেই ছিলেন না। নেতা-কর্মীদের সাথে তার কোনো সম্পর্ক নেই। ২০০৮ সালে সংসদ নির্বাচনে বিপুল ভোটে পরাজয়ের পর তিনি খাগড়াছড়ি ছাড়েন। আওয়ামী লীগের শাসনামলে তাদের মন্ত্রী-এমপিদের সাথে সুসম্পর্ক রেখে চলতেন।'

বিভি/টিটি

মন্তব্য করুন: