নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুল শিক্ষার্থী নিহত
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মোস্তাকিম মিয়া (১৪)। সে সায়দাবাদ গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সায়দাবাদ এলাকায় এরশাদ গ্রুপ ও হানিফ মাস্টার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জেরে বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন।
সংঘর্ষের সময় মোস্তাকিম মিয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নিহত কিশোর কোনো গ্রুপের সঙ্গে জড়িত ছিলো না বলে দাবি করেছে তার পরিবার।
নিহতের মা শাহানাজ বেগম জানান, বাড়ির পাশের সড়ক দিয়ে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। তিনি বলেন, তার স্বামী প্রবাসে থাকেন এবং তাদের পরিবার কোনো বিরোধ বা গ্রুপের সঙ্গে সম্পৃক্ত নয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল বরণ ঘোষ জানান, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়। তার শরীরের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: