• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

কথা-কাটাকাটি থেকে ভয়াবহ সংঘর্ষে জড়ালো ৫ গ্রামের মানুষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

প্রকাশিত: ১১:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কথা-কাটাকাটি থেকে ভয়াবহ সংঘর্ষে জড়ালো ৫ গ্রামের মানুষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

সিলেটে দুই কিশোরের কথা-কাটাকাটি ভয়াবহ এক সংঘর্ষে রূপ নেয়। মধ্যরাতে এতে জড়িয়ে পড়েছেন পাঁচ গ্রামের মানুষ। এক পক্ষে ছিলেন দুই গ্রামের মানুষ, আর অন্য পক্ষে তিন গ্রামের মানুষ। পাঁচ গ্রামের এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরের তেমুখী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে চলে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ। এ সময় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নগরের জালালাবাদ থানার পুলিশ জানিয়েছে, জালালাবাদ থানার অধীন তেমুখী এলাকার পার্শ্ববর্তী কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত। পরে কুমারগাঁওয়ের লোকজনের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের লোকজনের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁওয়ের লোকজন যুক্ত হন। সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ ঘটনায় ওই সময় যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। তবে, প্রাথমিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে পুলিশ আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানার পাশাপাশি সংঘর্ষের কারণ জানারও চেষ্টা করছে বলে জানিয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুরুতে কেউ কেউ সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক বলে জানিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত সেরকম তথ্য পাওয়া যায়নি। ঝগড়ার মূল কারণ অনুসন্ধান করা হচ্ছে। মূলত, দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত। পরে সেখানে জড়িয়ে পড়ে আরও তিন গ্রাম।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: