• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫০, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের

সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মন্ডল নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুবোধ মন্ডল (৬০) ওই গ্রামের ধীরেন্দ্র মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বোরো ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব কমাতে ক্ষেতের চারপাশে চিকন জিআই তারে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছিল। শনিবার রাতে সুবোধ মন্ডল ও তার ছোট ভাই একসঙ্গে তাদের ধানক্ষেত পরিদর্শনে যান। পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে ছোট ভাই কিছুটা সামনে এগিয়ে যান।

বেশ কিছুদূর যাওয়ার পর পেছনে ফিরে বড় ভাইকে দেখতে না পেয়ে তিনি আবার ক্ষেতের দিকে ফিরে আসেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, সুবোধ মন্ডল বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ ধরনের ঝুঁকিপূর্ণ পদ্ধতি ব্যবহার না করার জন্য কৃষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: