• NEWS PORTAL

  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বাঁচানো গেলো না মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু হুজাইফাকে

প্রকাশিত: ১২:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বাঁচানো গেলো না মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু হুজাইফাকে

কক্সবাজারের টেকনাফে সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (১২) মারা গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ দিন পর তার মৃত্যু হয়।

হুজাইফার চাচা শওকত আলী জানান, সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন, মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। আপনারা সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন।

গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যংয়ে তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান।

তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দুই দিন পর ১৩ জানুয়ারি বিকেলে মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সেসময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, হুজাইফার অস্ত্রোপচার করা হলেও ঝুঁকি থাকায় মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলিটি বের করা সম্ভব হয়নি তবে মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন: