ভোর রাতে হঠাৎ বসতবাড়িতে আগুন, প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের!
নাটোরের গুরুদাসপুরের ধারাবারিষা এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় দগ্ধ একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া অগ্নিকান্ডে মুদি দোকান সহ ৫টি ঘর, আসবাবপত্র এবং দুইটি টি ছাগল ও দুইটি গরু দগ্ধ হয়ে মারা যায়।
নিহতরা হলেন, গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় স্থানীয় মোন্তার ছেলে রান্টুর স্ত্রী আতিয়া বেগম (২৩) ও মেয়ে রওজা (০১)।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান, গতরাত সাড়ে চারটার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় স্থানীয় মোন্তার হোসেনের বসতবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মা আাতিয়া বেগম মেয়ে রওজা নিহত হয়। আর গুরুতর দগ্ধ হয় মোন্তার স্ত্রী মর্জিনা বেগম।
অগ্নিকাণ্ডটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিভি/এজেড



মন্তব্য করুন: