সাতক্ষীরা
কারাগারে মৃগীরোগে অসুস্থ হাজতির মৃত্যু
সাতক্ষীরা জেলা কারাগারে মৃগীরোগে অসুস্থ হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ব্যক্তির নাম আব্দুল আজিজ সানা (৫০)। তিনি কালীগঞ্জ উপজেলার চর গ্রামের এন্তাজ সানার ছেলে।
সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সাতক্ষীরা কারাগারের হাজতি আসামি আব্দুল আজিজকে অসুস্থ অবস্থায় রবিবার সকাল ৮টা ৫৫ মিনিটে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তিনি মৃগী রোগে ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার শ্যামনগরে একটি সাইকেল চুরি করার চেষ্টা করার সময় স্থানীয় জনতা তাকে আটক করে থানায় হস্তান্তর করে। পরদিন শনিবার পুলিশ সাইকেল চুরির মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। রবিবার সকালে জেলহাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সুব্রত কুমার মণ্ডল হাজতি আসামি আব্দুল আজিজ সানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা কারাগারের জেলা প্রশাসক দেবদুলাল কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ তার স্ত্রী রেহেনা খাতুনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: