• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

তেঁতুলিয়ার মাটিতে ফুটেছে নেদারল্যান্ডসের রাজসিক ফুল ‘টিউলিপ’

মোশাররফ হোসেন, পঞ্চগড়

প্রকাশিত: ১৫:৫৬, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
তেঁতুলিয়ার মাটিতে ফুটেছে নেদারল্যান্ডসের রাজসিক ফুল ‘টিউলিপ’

ভিনদেশি অভিজাত ফুল টিউলিপ, যার রাজসিক সৌন্দর্যের দেখা মেলে ইউরোপের শীতপ্রধান দেশ নেদারল্যান্ডসে। সেই টিউলিপই এবার ফুটেছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শীতপ্রবণ এই জনপদের দর্জিপাড়া গ্রামে পঞ্চমবারের মতো ফুটেছে প্রায় ২০ হাজার টিউলিপ ফুল। ভিনদেশি এই ফুলের রঙিন সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী ও ফুলপ্রেমীরা।

তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া এলাকায় স্থানীয় এনজিও ইএসডিও এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ১০ জন প্রান্তিক নারী উদ্যোক্তা এক একর জমিতে এই টিউলিপ চাষ করেছেন। নেদারল্যান্ডস থেকে আনা প্রায় ২০ হাজার বাল্ব গত ১৫ জানুয়ারি জমিতে রোপণ করা হয়। মাত্র ১৮ দিনের মধ্যেই ফুটতে শুরু করে ফুল। লাল, সাদা, হলুদ ও কমলাসহ ছয় রঙের টিউলিপে এখন রঙিন হয়ে উঠেছে পুরো বাগান।

দৃষ্টিনন্দন এই ফুল দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। কেউ ফুলের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ তুলছেন ছবি কিংবা সেলফি। আবার অনেকে বাগান ঘুরে দেখার পর ফুলও কিনে নিচ্ছেন। ফুল চাষের পাশাপাশি দর্শনার্থীদের প্রবেশ ফি থেকেও আয় করছেন এই নারী উদ্যোক্তারা।

উদ্যোক্তারা বলছেন, সংসারের কাজের ফাঁকে এই ফুল চাষ করলেও এখন তা তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ফুলের বাণিজ্যিক চাষের পাশাপাশি এলাকায় পর্যটনের সম্ভাবনাও তৈরি হয়েছে।

ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, তেঁতুলিয়াকে ইকো-ফ্রেন্ডলি পর্যটন অঞ্চলে রূপ দিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা। টিউলিপ চাষ সেই উদ্যোগেরই একটি অংশ।

ডিসেম্বর মাস টিউলিপের বাল্ব রোপণের উৎকৃষ্ট সময়। এই চাষের মাধ্যমে এগ্রো-ট্যুরিজমের সম্ভাবনা রয়েছে। কৃষকেরা আগ্রহী হলে বাণিজ্যিকভাবে এই ফুল চাষে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে কৃষি অফিস।

ভিনদেশি এই টিউলিপ ফুলের সৌন্দর্যে এখন নতুন করে পরিচিতি পাচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। অভিজাত ফুল চাষ ও পর্যটনের অপার সম্ভাবনা মিলিয়ে এই টিউলিপ বাগানই হয়ে উঠছে জেলার নতুন আকর্ষণ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত