অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
শরীয়তপুরের জাজিরা উপজেলায় অনুমোদনহীনভাবে সেমাই উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় ১ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার মনাই ছৈয়ালকান্দি এলাকায় অবস্থিত ‘আর.এম ফুড প্রোডাক্ট’ নামের একটি সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন ও নিবন্ধন ছাড়াই সেমাই উৎপাদন করে বাজারজাত করছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক সুব্রত ভট্টাচার্য, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক লাইলী আক্তার এবং বাংলাদেশ আনসার বাহিনীর একটি বিশেষ প্রতিনিধি দল।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক সুব্রত ভট্টাচার্য জানান, প্রয়োজনীয় অনুমোদন ও নিবন্ধন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানে দেখা গেছে, প্রতিষ্ঠানটি কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই সেমাই উৎপাদন ও বাজারজাত করছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, কারখানায় অভিযান শেষে উপজেলার কাজিরহাট বাজারে মাছপট্টি, মাংসপট্টি ও ফলপট্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে মূল্যতালিকা প্রদর্শন না করায় এক ফল ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: