• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

মিষ্টি পানির মাছ দিয়ে তৈরি হচ্ছে শুটকি, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

আসাদুজ্জামান, সাতক্ষীরা

প্রকাশিত: ১৫:২২, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১৫:২৩, ১৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মিষ্টি পানির মাছ দিয়ে তৈরি হচ্ছে শুটকি, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

প্রখর রোদে ঝিলমিল করছে সারি সারি শুকাতে দেওয়া মাছ। বাতাসে ভেসে আসছে লবণ মেশানো কাঁচা মাছের গন্ধ, আর সেই গন্ধের মাঝেই ব্যস্ত সময় পার করছেন শ্রমজীবী মানুষগুলো। কেউ মাছ উল্টে দিচ্ছেন, কেউ আবার আকারভেদে আলাদা করে সাজিয়ে রাখছেন। নদীতীরের খোলা আকাশের নিচেই এভাবেই গড়ে উঠেছে মিষ্টি পানির মাছের এক প্রাণচঞ্চল শুটকি পল্লী।

সাতক্ষীরা শহরের অদূরে বেতনা নদীর তীরে গড়ে ওঠা এই পল্লীতে স্থানীয় বিনেরপোতা মৎস্য আড়ত থেকে কম দামে পুটি, বান ও সিলভার কাপসহ নানা প্রজাতির মাছ কিনে এনে লবণ মিশিয়ে প্রক্রিয়াজাত করা হয়। দুই থেকে তিন দিন রোদে শুকানোর পর এসব মাছ বাজারজাতের জন্য প্রস্তুত করা হয়। পরিবহন, বাছাই ও বিপণনসহ বিভিন্ন কাজে নিয়মিত কাজ করছেন ৬০ থেকে ৭০ জন শ্রমিক।

এই শুটকি পল্লীর স্বত্বাধিকারী প্রশান্ত বিশ্বাস জানান, কম দামে মাছ কিনে প্রক্রিয়াজাত করার ফলে এই শিল্প ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। প্রস্তুত শুটকি দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তরবঙ্গের সৈয়দপুর এলাকায় পাঠানো হয়।

মৎস্য বিভাগের কর্মকর্তা বলছেন, উপকূলীয় জেলা হিসেবে সাতক্ষীরা মৎস্য সম্পদে সমৃদ্ধ। প্রতিবছর এখানে ৮ থেকে ১০ টন শুটকি মাছ উৎপাদিত হয়। শুটকিতে ক্ষতিকারক কোনো উপাদান মেশানো হচ্ছে কিনা, তা নিয়মিত নমুনা পরীক্ষা করা হয়।

সংশ্লিষ্টদের আশা, সরকারি সহায়তা ও আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটলে এই শুটকি শিল্প শুধু স্থানীয় অর্থনীতিই নয়, অনেক শ্রমজীবী পরিবারের জীবনও বদলে দিতে পারে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত