• NEWS PORTAL

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬

বিয়ে নিয়ে বিরোধ-সংঘর্ষে খুন, লাশ দেখে হৃদরোগে আরেকজনের মৃত্যু

প্রকাশিত: ২২:৩৯, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বিয়ে নিয়ে বিরোধ-সংঘর্ষে খুন, লাশ দেখে হৃদরোগে আরেকজনের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিয়েকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের লাশ দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।

এর আগে সোমবার (২৩ মার্চ) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে সোহেল রানা (৩৫) এবং সেকেন্দার আলীর ছেলে মঞ্জু মিয়া (৪০)। তারা একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার লিটন মিয়ার মেয়ে শিলা আক্তারের সঙ্গে প্রায় এক মাস আগে চাপারকোনা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রনি মিয়ার বিয়ে (কাবিন) সম্পন্ন হয়। কাবিনের পর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

ঘটনার দিন রাতে স্ত্রীকে নিতে রনি মিয়া শ্বশুরবাড়িতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে গেলে প্রতিবেশী সোহেল রানা লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ধানক্ষেতে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সোহেল রানার লাশ দেখতে গিয়ে মঞ্জু মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেল রানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর অভিযুক্ত লিটন মিয়া ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, বিয়ের বিষয় নিয়ে সালিশ বৈঠককে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সোহেল রানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তাই মামলা দায়ের করা হয়নি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: