২ মিনিটের জন্য বেঁচে গেছে কালাম, হারানো ব্যাগ ফিরে পেয়েও আক্ষেপ
পদ্মায় বাসডুবির ঘটনায় দুই মিনিটের জন্য রক্ষা পেয়েছেন আবুল কালাম নামে এক বাসযাত্রী। বুধবার (২৫ মার্চ) বিকালে দৌলতদিয়া ফেরিঘাটে বাস পানিতে পড়ার কিছু সময় আগে তিনি বাস থেকে নেমেছিলেন। তবে বাসে থাকা ব্যাগে তার মূল্যবান জিনিসপত্র ছিল। পরে সেই ব্যাগ ফেরত পেয়েছেন তিনি, তবে প্রাণ হারানো যাত্রীদের জন্য করেছেন আক্ষেপ।
জানা যায়, ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকার বাড্ডায় ফিরছিলেন আবুল কালাম। দৌলতদিয়া ফেরিঘাট থেকেই তিনি ডুবে যাওয়া ওই বাসে উঠেছিলেন। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা কালাম বাসে উঠে ১০–১৫ মিনিট বসে ছিলেন। ফেরিঘাটের আগে যানজটের কারণে দুর্ঘটনার মাত্র দুই মিনিট আগে তিনি বাস থেকে নেমে পড়েন। তবে তার কাঁধে থাকা ব্যাগটি বাসের মধ্যেই ছিল।
আবুল কালাম গণমাধ্যমকে বলেন, “আমার সামনেই বাসটি ধীরে ধীরে নদীতে তলিয়ে যায়। তখন আমি কি করব, না করব বুঝতে পারছিলাম না। অনেকটা হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার ব্যাগে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, এনআইডি, কোরিয়ায় যাওয়ার প্রস্তুতির কাগজপত্র এবং নগদ সাড়ে চার হাজার টাকা ছিল।”
বাস ডুবে যাওয়ার পর ঢাকায় ফেরেননি কালাম। তিনি অপেক্ষা করছিলেন ব্যাগের জন্য। অবশেষে তার ব্যাগটি বাস থেকে উদ্ধার হয়। অন্তত ২৫ জন বা তার বেশি যাত্রীর ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগগুলো দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। যথাযথ প্রমাণ দিলে পুলিশ ব্যাগ ফেরত দিচ্ছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে ব্যাগের খোঁজ পান কালাম। পুলিশের মাধ্যমে ব্যাগটি ফেরত পান তিনি।
কালাম বলেন, “যখন যাত্রীসহ বাস ডুবে গেল, আমি ভাবতেও পারিনি ব্যাগ ফেরত পাব। তারপরও আশা করেছিলাম, হয়তো পাব। মারা যাওয়া যাত্রীদের মধ্যে আমি থাকতাম, যদি দুই মিনিট আগে বাস থেকে না নামতাম।”
বিভি/পিএইচ



মন্তব্য করুন: