• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

কুমিল্লায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৫ জনের ৪ জনই একই পরিবারের

প্রকাশিত: ০০:৪৫, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
কুমিল্লায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৫ জনের ৪ জনই একই পরিবারের

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গিয়ে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের মধ্যে গুরুতর আহত এক শিশু চিকিৎসাধীন রয়েছে। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় ইস্টজোন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস  চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জামাল হোসেন (৫২) নিহত হন। 

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর প্রাইভেট কারে থাকা ৪ যাত্রী মারা যায়। নিহতরা হলেন— আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮)। তারা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ওই পরিবারের আরেক সদস্য আবরার (১২) বর্তমানে ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, খবর পাওয়ামাত্র হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং হতাহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময় ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: