পেট্রোল বিতরণে অনিয়ম, ২০ হাজার টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পেট্রোল বিতরণে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক কর্মচারীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে উপজেলার ধানসুরা পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পেট্রোল বিক্রিতে অসংগতি ও ভোক্তা হয়রানির অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এ অনিয়মের সঙ্গে জড়িত এক কর্মচারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. সুলতানা রাজিয়া।
অভিযান প্রসঙ্গে সুলতানা রাজিয়া বলেন,জনস্বার্থে বাজার মনিটরিং আরও জোরদার করা হয়েছে। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে কোনো ধরনের অনিয়ম বা ভোক্তা হয়রানি বরদাশত করা হবে না। কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বিভি/এআই



মন্তব্য করুন: