এবার টাঙ্গাইলে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামের হাম্বুর ১২ বছর বয়সী ছেলে নিরব, একই এলাকার আইজালের ছেলে সুলতান মাহমুদ (২৮), আব্দুর রশিদের মেয়ে রিপা (২০), হাম্বুর স্ত্রী নার্গিস (৩০) এবং দোলা (৪৫) নামের এক নারী। এদের মধ্যে নার্গিস ও নিরব মা-ছেলে এবং দোলা তাদের স্বজন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেংগর নামক স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের জ্বালানি তেল শেষ হয়ে যায়। বাসটি রাস্তায় দাঁড়িয়ে পড়লে কয়েকজন যাত্রী নিচে নেমে আসেন এবং পাশেই অবস্থিত রেললাইনের ওপর গিয়ে বসেন। যাত্রীরা যখন রেললাইনে বসে বাসের জন্য অপেক্ষা করছিলেন, ঠিক সেই সময় দ্রুতবেগে আসা ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই এক শিশু, দুইজন নারী এবং দুইজন পুরুষ প্রাণ হারান। রাতের অন্ধকারে হঠাৎ ট্রেন চলে আসায় তারা সরে যাওয়ার পর্যাপ্ত সময় পাননি বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরও ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: