তেলবাহী লরিতে ভয়াবহ আগুন, অল্পের জন্য ফিলিং স্টেশন রক্ষা
বরিশালের গৌরনদীতে একটি জ্বালানি তেলবাহী লরিতে ভয়াবহ আগুন লেগেছ। লরিটি ফিলিং স্টেশনে থাকা অবস্থায় আগুন লাগলেও চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্টেশনটি। চালক জ্বলন্ত লরিটি চালিয়ে দ্রুত স্টেশন থেকে দূরে সরিয়ে নেওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।
রবিবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে গৌরনদী নাহার সিনেমা হল সংলগ্ন ‘সেন্ট পিটার ফিলিং স্টেশন’ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা ডিপোর একটি পেট্রোলবাহী লরি তেল সরবরাহের জন্য বিকাল সাড়ে ৫টায় সেন্ট পিটার ফিলিং স্টেশনে প্রবেশ করে। লরিটি আনলোড করার প্রস্তুতির সময় আকস্মিকভাবে এতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন স্টেশনে থাকা লোকজন।
লরিটি স্টেশনের ভেতরে বিস্ফোরিত হলে পুরো ফিলিং স্টেশনে আগুন ধরে যাওয়ার প্রবল আশঙ্কা ছিল। এমন ভয়াবহ পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে চালক দ্রুত লরিটির স্টিয়ারিং ধরেন। তিনি জ্বলন্ত লরিটি চালিয়ে দ্রুত ফিলিং স্টেশন থেকে বের করে সামনের গৌরনদী-আগৈলঝাড়া সড়কের মাঝখানে নিয়ে আসেন। ফলে বড় ধরনের আগুনের হাত থেকে রক্ষা পায় স্টেশনটি।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। তাদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই লরির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। লরিটি মূল স্টেশন থেকে দূরে থাকায় ফায়ার সার্ভিসের পক্ষে আগুন নেভানো সহজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ঠিক কী কারণে লরিটিতে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
বিভি/টিটি



মন্তব্য করুন: