• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

খোলপেটুয়ার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে হাজারো মানুষ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৬, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
খোলপেটুয়ার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে হাজারো মানুষ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় ১০০ হাত এলাকা। এতে বড় ধরনের প্লাবনের আশঙ্কায় এলাকার হাজার হাজার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাকবাসিয়া খেয়াঘাটের কাছে পানি উন্নয়ন বোর্ডের এই বাঁধটি সম্প্রতি বালির বস্তা (জিও ব্যাগ) ফেলে সংস্কার করা হয়েছিল। তবে গত কয়েক দিন ধরে বাঁধে ফাটল দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রবিবার সকালে নদীর প্রবল স্রোতে স্থানীয় সবুর গাজীর বাড়ির পাশের অংশটি ধসে পড়ে। বর্তমানে ভাঙনস্থল ছাড়াও বাঁধের উত্তর ও দক্ষিণে আরও দুটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ভাঙন এলাকা সংলগ্ন উত্তরের প্রায় ৫০ ফুট এবং দক্ষিণের ১০০ ফুট অংশেও নতুন করে ফাটল ও ভাঙনের লক্ষণ দেখা দিয়েছে। গত বছর ঈদুল ফিতরের দিনও এই বাঁধ ভেঙে আনুলিয়া ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছিলেন। সে সময় ব্যাপক ফসল ও মৎস্য ঘেরের ক্ষয়ক্ষতি হয়। আবারও একই স্থানে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্ক বেড়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, রাতের জোয়ারের আগে বাঁধটি মেরামত করা না গেলে পুরো এলাকা প্লাবিত হতে পারে।

খবর পেয়ে আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুসসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, “বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক। প্রতি মুহূর্তে মাটি নদীতে বিলীন হচ্ছে। দ্রুত ডাম্পিংয়ের মাধ্যমে সংস্কার না করলে লোকালয় রক্ষা করা কঠিন হয়ে পড়বে।”

এদিকে, এলাকাবাসী জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া জানান, ইতোমধ্যে স্থানীয়দের সহযোগিতায় জিও ব্যাগে বালি ভরে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হয়েছে। তিনি বলেন, “বাঁধ সংস্কারের জন্য আরও সাড়ে ৭ হাজার জিও ব্যাগের অর্ডার দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করা হবে।”

বিভি/পিএইচ

মন্তব্য করুন: