সুন্দরবনে বনদস্যুদের গুলিতে এক জেলে গুলিবিদ্ধ
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া শিকার করতে গিয়ে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলকায় এ ঘটনাটি ঘটে।
আহত আতিয়ার রহমান (৬৫) শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।
তার সাথে থাকা জেলেরা জানান, সকালে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। এসময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তার সহযোগী জেলেরা তাকে উদ্ধার করে নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে আসেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমান আমাদের অফিসে আসেন। তাকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং শ্যামনগর থানা পুলিশ ও কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাকির হোসেন জানান, আতিয়ার রহমানের কোমরে গুলি লেগেছে। তার শরীর থেকে গুলি বের করা প্রয়োজন। তাকে এখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, আমরা বনদস্যু নির্মূলে তৎপর আছি। যৌথ অভিযানের জন্য সকলের সাথে কথা হচ্ছে, দ্রুত যৌথ অভিযান চালানো হবে। আহত জেলের খোঁজখবর নেয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।



মন্তব্য করুন: