সরকারি জমি বন্দোবস্ত নিয়ে রাস্তা বন্ধ, অবরুদ্ধ ৬৫ পরিবার!
বাড়ির সামনের এই রাস্তাটি যোগাযোগের একমাত্র উপায়। সেই পথই এখন বন্ধ। বাঁশের বেড়া আর আধাপাকা ঘর তুলে আটকে দেওয়া হয়েছে বহু বছরের চলাচলের এই রাস্তা আর তাতেই অবরুদ্ধ হয়ে পড়েছে ৬৫টি পরিবার।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের মোন্নাপাড়ায় প্রায় ২৫ বছর আগে ২০টি পরিবার জমি কিনে বসতি গড়ে তোলে। সময়ের সাথে বাড়তে থাকে পরিবারের সংখ্যা। শুরু থেকেই তারা ব্যবহার করতো সরকারি একটি খাস রাস্তা।
তবে ২০১৩ সালে সেই খাস জমি বন্দোবস্ত নেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রজবুল হক। এরপর সেখানে ঘর তুলে ও বেড়া দিয়ে বন্ধ করে দেন রাস্তাটি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে পরিবারগুলো। বিশেষ করে শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। বৃষ্টির দিনে কাদা মাড়িয়ে ধানের জমি পেরিয়ে যেতে হয় স্কুলে। নিজস্ব রাস্তা না থাকায় অন্যের জমি দিয়ে চলাচল করতে গিয়ে শুনতে হয় কটু কথা।
তবে অভিযোগ অস্বীকার করে জমির বন্দোবস্তগ্রহীতা বলছেন নিজ নামে বরাদ্দ নেওয়া জমি ঘিরে রাখা অপরাধ নয়।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন রাস্তা না থাকায় পরিবারগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যা খুবই অমানবিক।
ভূমি অফিস জানায় বন্দোবস্ত বাতিল হলে ফের রাস্তা ফিরে পেতে পারে পরিবারগুলো।
বিষয়টি সমাধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন অবরুদ্ধ পরিবারগুলোর চলাচলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের।
এক টুকরো রাস্তার জন্য প্রতিদিন লড়াই কেরতে হচ্ছে এই পরিবারগুলোকে। দ্রুত এই সমস্যার সমাধানেই মিলতে পারে স্বস্তি।
বিভি/এসজি



মন্তব্য করুন: