সীমান্তে চোরাচালান রোধে বিজিবির নতুন উদ্যোগ
চোরাচালান ও সীমান্তকেন্দ্রিক অপরাধপ্রবণতা কমানোর পাশাপাশি বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’ চালু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ভোলাহাট উপজেলার আলালপুর দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আয়োজিত অনুষ্ঠানে সেন্টারটির উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
উদ্বোধন শেষে তিনি বলেন, সীমান্ত এলাকার বেকার তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। একই সঙ্গে মাদক ও অবৈধ চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ কমাতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজিবি সূত্রে জানা গেছে, সেন্টারটিতে প্রাথমিকভাবে ২৫ বেকার তরুণকে এক মাসব্যাপী ‘বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং’ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের হাতে-কলমে কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।
বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকার তরুণদের দক্ষতা উন্নয়ন ও বৈধ কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: