• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান আটকে দেওয়া নিয়ে মুখ খুললো পাকিস্তান

প্রকাশিত: ২০:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান আটকে দেওয়া নিয়ে মুখ খুললো পাকিস্তান

ছবি: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ঘটনাকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছে না ইসলামাবাদ। ফ্লাইটের রুট নির্ধারণ এবং আকাশসীমা ব্যবহারের অনুমোদনসংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত বিষয়েই এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেওয়া হয়। হাইকমিশন জানায়, কূটনৈতিক ফ্লাইট ও আকাশসীমা ব্যবহারের অনুমতির আবেদন দেশটির প্রচলিত নিয়ম, বেসামরিক বিমান চলাচলবিষয়ক প্রটোকল এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হয়। রূপপুরের জ্বালানি পরিবহন নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়টিও একই প্রক্রিয়ার অংশ।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান চলাচল ও অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এতে কখনো ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বা সাময়িক বিলম্বও ঘটতে পারে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে পাকিস্তান হাইকমিশন বলেছে, বিষয়টিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে দেখা উচিত। দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন কোনো প্রতিবেদন বা বয়ানকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রাশিয়া থেকে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম বহনকারী বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে চালানটি আসেনি।

রূপপুরের জ্বালানি পরিবহনের নির্ধারিত রুটে একাধিক দেশের আকাশসীমা ব্যবহারের প্রয়োজন হয়। এ কারণে পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ২৪ সেপ্টেম্বরের চালানটি স্থগিত হয়ে যায়।

তবে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি সরবরাহ অক্টোবর থেকে আবার শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে সব চালান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। একাধিক ফ্লাইটে এসব জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে।

বিভি/এমআর

মন্তব্য করুন: