চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগানের মাটির নিচে মিললো ১৭টি ককটেল
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে একটি নির্জন লেবুবাগানের মাটির নিচে পুঁতে রাখা তিনটি বালতি থেকে ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা এসব ককটেল নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় কারা জড়িত এবং কি উদ্দেশ্যে এগুলো মজুত করা হয়েছিলো, তা খতিয়ে দেখছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সি মন্ডল টোলা এলাকার একরামুল হকের দেশি লেবুর বাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে ওই বাগানে খড়ি ও শুকনো পাতা কুড়াতে গিয়ে তিনটি নতুন মাটি ভরাট করা গর্ত দেখতে পান এক নারী। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে গর্তের ভেতরে বালতির ওপরে পলিথিন দেখতে পান। বালতিগুলোতে হাতবোমা বা ককটেল থাকতে পারে বলে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে। পরে সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় মাটির নিচে পুঁতে রাখা লাল রঙের তিনটি বালতি উদ্ধার করা হয়। বালতিগুলোর ভেতরে মোট ১৭টি ককটেল পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, তিনটি বালতি উদ্ধারের পর এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়। পরে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাতে ১৭টি ককটেল নিষ্ক্রিয় করেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: