সচিবালয় সরানোর নীতিগত সিদ্ধান্ত, তৈরি হবে নতুন সড়ক
রাজধানীর আবদুল গনি রোড থেকে সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকা। নতুন সচিবালয় ঘিরে চক্রাকার সড়ক নির্মাণের পাশাপাশি যান চলাচল নির্বিঘ্ন রাখতে পাতাল সড়ক তৈরির বিষয়টিও বিবেচনায় রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদফতর ও স্থাপত্য অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় স্থাপত্য অধিদফতরের পক্ষ থেকে তিনটি নকশা উপস্থাপন করা হয়। সেখান থেকে একটি নকশা চূড়ান্ত করার বিষয়ে সবাই একমত হন। পরদিনই প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করতে পরিকল্পনা কমিশনকে চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়। আগামী সপ্তাহে এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, দ্রুত প্রকল্পের কাজ শুরু করে সরকারের মেয়াদে দৃশ্যমান অগ্রগতি আনতে চায় সরকার।
আগেও উদ্যোগ নেওয়া হয়েছিল
শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা নতুন নয়। আগের আওয়ামী লীগ সরকারের আমলেও এ নিয়ে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল।
২০১৫ সালে ২ হাজার ২০৯ কোটি টাকা ব্যয়ে সচিবালয় নির্মাণের একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ হয়। তখন ২০১৮ সালের জুনের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা ছিল। জিয়া উদ্যানের উত্তর পাশে এবং বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম দিকে, যেখানে আগে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো, সেখানে ৩২ একর জমিতে নতুন সচিবালয় নির্মাণের কথা বলা হয়েছিল।
পরিকল্পনাটি জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের মূল নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের কথা ছিল। সেই নকশা অনুযায়ী, ১৪ তলা ভিত্তির ওপর নয়তলা করে চারটি মূল ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
নতুন বিএনপি সরকারের আমলে আবদুল গনি রোডের বর্তমান সচিবালয়ের ভেতরে ২১ তলা ভবন নির্মাণে প্রায় ৬৫০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল। গত ২৬ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেওয়ার সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
৩ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্পে যা থাকছে
সচিবালয় স্থানান্তরের সম্ভাব্য স্থান ও নকশা নিয়ে গত পাঁচ মাসে একাধিক বৈঠক করেছে গণপূর্ত মন্ত্রণালয়। পর্যালোচনা শেষে গত বুধবার প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন উপস্থাপন করা হয়। স্থাপত্য অধিদপ্তরের তিনটি দল পৃথক নকশা তুলে ধরলে একটি নকশা চূড়ান্ত করার বিষয়ে ঐকমত্য হয়।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নতুন সচিবালয়ের চারপাশে চক্রাকার সড়ক নির্মাণ করা হবে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পেছন দিয়ে একটি নতুন সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে। সড়কটি জুলাই স্মৃতি জাদুঘর—সাবেক গণভবনের পাশ দিয়ে মিরপুর সড়কের সঙ্গে যুক্ত হতে পারে।
তবে ওই এলাকায় স্কুল, হাসপাতাল, প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থাপনা থাকায় নতুন সড়ক নির্মাণের জন্য সেগুলো সরানোর প্রয়োজন হতে পারে।
এ ছাড়া বিজয় সরণি থেকে আগারগাঁও হয়ে মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়া সড়কের নিচ দিয়ে পাতাল সড়ক নির্মাণের বিষয়েও আলোচনা চলছে। পরিকল্পনা অনুযায়ী, ওপরের সড়ক দিয়ে প্রস্তাবিত সচিবালয়ে প্রবেশ করা যাবে এবং নিচের সড়ক ব্যবহার করে মিরপুর সড়কে যাতায়াত করা সম্ভব হবে। এ জন্য পৃথক প্রকল্প নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
প্রস্তাবিত নকশায় প্রতিটি ভবন ১২ তলা করার পরিকল্পনা রয়েছে। জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলীর সঙ্গে সামঞ্জস্য রেখে ভবনগুলোর নকশা তৈরির কথা বলা হয়েছে।
বর্তমান সচিবালয়ের জায়গা হতে পারে অন্য সরকারি দফতরের
গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তর করা হলে আবদুল গনি রোডের বর্তমান ভবনগুলোতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়সহ পুরান ঢাকার বিভিন্ন সরকারি দপ্তর স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
বর্তমান সচিবালয়ে জায়গার স্বল্পতার কারণে কর্মকর্তাদের দাপ্তরিক কাজ পরিচালনায় সমস্যা হয়। পাশাপাশি আশপাশের এলাকায় যানজটের কারণে কর্মঘণ্টাও নষ্ট হয় বলে সংশ্লিষ্টরা মনে করেন।
বর্তমান সচিবালয়ের আয়তন প্রায় ১৭ লাখ বর্গফুট। প্রস্তাবিত নকশা অনুযায়ী, নতুন সচিবালয়ের আয়তন হবে প্রায় ৩১ লাখ বর্গফুট।
পুরোনো বাণিজ্য মেলার মাঠটি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন। ২০২১ সালে বাণিজ্য মেলা পূর্বাচলে স্থানান্তর করা হয়। এরপর থেকে মাঠটি মূলত খালি পড়ে আছে। সেখানে পার্ক নির্মাণে চার বছর আগে ১০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।
গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সূত্রের দাবি, জায়গাটি দীর্ঘদিন খালি পড়ে থাকলে অবৈধ দখলের আশঙ্কা রয়েছে। সেখানে সচিবালয় নির্মাণ করা হলে জমিটির কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
যানজট বাড়ার আশঙ্কা
নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ ও স্থপতিরা। স্থপতি ইকবাল হাবিব মনে করেন, ১৯৬৯ সালে তৈরি লুই আই কানের নকশার আলোকে ২০২৬ সালে এসে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, শেরেবাংলা নগর ও আগারগাঁও এলাকায় ইতিমধ্যে বহু সরকারি স্থাপনা গড়ে উঠেছে। এতে ওই এলাকায় যানবাহনের চাপও বেড়েছে। নতুন করে সচিবালয় নির্মাণ করা হলে যানজটের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।
ইকবাল হাবিবের মতে, মালয়েশিয়ার পুত্রজায়ার মতো বাংলাদেশের ক্ষেত্রেও সচিবালয় স্থানান্তরের জন্য বিকল্প স্থান নিয়ে নতুন করে চিন্তা করা প্রয়োজন।
সব মিলিয়ে, পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর প্রশাসনিক অবকাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। তবে প্রকল্পের চূড়ান্ত ব্যয়, অনুমোদন, নতুন সড়ক নির্মাণ এবং যানজট নিয়ন্ত্রণের পরিকল্পনা বাস্তবায়নের আগে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: