• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া কি যৌতুক? যে রায় হাইকোর্টের

প্রকাশিত: ২০:০৯, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া কি যৌতুক? যে রায় হাইকোর্টের

বিয়ের শর্ত ছাড়া শুধু ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করাকে যৌতুক হিসেবে গণ্য করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা মামলায় নিম্ন আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ড বাতিল করে মো. রাসেল উদ্দিন নামে এক ব্যক্তিকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।

রবিবার (১১ অক্টোবর) বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি মুসলিম আইন অনুযায়ী রাসেল উদ্দিনের সঙ্গে ইসমত আরা বেগমের বিয়ে হয়। অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৪ আগস্ট সন্ধ্যায় কক্সবাজার শহরের বাইতুশ শরফ মসজিদ রোড এলাকার ভাড়া বাসায় ব্যবসার জন্য স্ত্রীর কাছে এক লাখ টাকা দাবি করেন রাসেল। টাকা দিতে অপারগতা জানালে কাঠের লাঠি দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন স্ত্রী।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২৩ সালের ১৫ নভেম্বর কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ রাসেল উদ্দিনকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।

আপিলের শুনানিতে মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা করে হাইকোর্ট দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

প্রথমত, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২(ঞ) ধারায় যৌতুকের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তাতে বিয়ের শর্ত বা বিবেচনা হিসেবে অর্থ বা সম্পত্তি দাবি করার বিষয়টি অন্তর্ভুক্ত। আদালত পর্যবেক্ষণ করেন, মামলার বাদীসহ সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী, টাকা চাওয়ার উদ্দেশ্য ছিল আসামির ব্যবসা। তাই এ দাবিকে আইনের ওই ধারায় যৌতুক হিসেবে গণ্য করার সুযোগ নেই। ফলে যৌতুক দাবির অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

দ্বিতীয়ত, শারীরিক নির্যাতনের অভিযোগের সঙ্গে চিকিৎসাসংক্রান্ত নথির অসংগতি খুঁজে পান আদালত। বাদী তার জবানবন্দিতে ডান কাঁধ ও পিঠে আঘাতের কথা বললেও চিকিৎসকের বক্তব্য ও মেডিকেল সনদে বাম কাঁধে আঘাতের কথা উল্লেখ ছিল। সাক্ষ্য ও চিকিৎসা নথির এই পার্থক্য নির্যাতনের অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি করে বলে আদালত পর্যবেক্ষণ করেন।

এসব বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট নিম্ন আদালতের রায় ও দণ্ডাদেশ বাতিল করেন এবং রাসেল উদ্দিনকে খালাস দেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত