পদ্মায় অভিযান: ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ৩ জেলে আটক
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা ও সংরক্ষণে দৌলতদিয়া নৌপুলিশ, রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিস এক যৌথ অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন মো. মুনতাসীর হাসান খান, সহকারী কমিশনার (ভূমি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মা ইলিশ রক্ষা ও সংরক্ষণে গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া নৌ পুলিশের জেলা মৎস্য অফিসার মো. মাহবুব উল হক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কর্মচারীরা।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মানিকগঞ্জের হাবু শেখের ছেলে মো. নবীন শেখ(২০), গোয়ালন্দের মহর আলি সরদারের ছেলে মনির সরদার (২০) ও বাবর শেখের ছেলে স্বাধীন শেখ (২১)।
দৌলতদিয়া নৌপুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণে অভিযান-২০২৬ উপলক্ষে পদ্মা নদীতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে দৌলতদিয়া নৌপুলিশ, রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৩০ কেজি মা ইলিশসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে আগুন দিয়ে ধ্বংস এবং জব্দকৃত ইলিশ মাছ নিকটস্থ ৩টি এতিম খানায় বিতরণ করা হয়।
মা ইলিশ সংরক্ষণার্থে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশের সমন্বয়ে অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিভি/টিটি













মন্তব্য করুন: