পূজা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ ভাই-বোনের
যশোরের ঝিকরগাছায় গরুবোঝাই নসিমন ও ইঞ্জিনচালিত ভ্যানের মধ্যে সংঘর্ষে শোভন দাস (১০) দিশা দাস (৩) নামের দুই ভাই-বোনের করুন মৃত্যু হয়েছে। তারা ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের মিশ্রি দেয়াড়া গ্রামের সাধন কুমার দাশের সন্তান।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যারাতে ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মাগুরা ফুলতলা নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য রহমত আলী জানান, অভিভাবকদের সাথে মিশ্রি দেয়াড়া গ্রাম থেকে ভ্যানযোগে ওই দুই ভাই-বোন মাগুরা মন্দিরে পূজা দেখতে যাচ্ছিলো। পথে ফুলতলা নামক স্থানে ভ্যানটির সাথে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই নসিমনের সংঘর্ষ হয়। এতে শিশু শোভন ও তার বোন দিশা গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজিদা খাতুন তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মাগুরা গ্রামের আবুল কাশেমের ছেলে ভ্যানচালক আব্দুর রহিম (২৬) ও নছিমন চালক কেশবপুর উপজেলার গরভাঙা গ্রামের আহম্মদ আলীর ছেলে আব্দুল মজিদ (৪৫)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, থানা পুলিশের ওসি গোলাম কিবরিয়া হাসান, পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী, সাধারণ সম্পাদক তড়িৎ কুমার দাস, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দার ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: