• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

উত্তর প্রদেশে নুডলস খেয়ে ৩ শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:৩১, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
উত্তর প্রদেশে নুডলস খেয়ে ৩ শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় নুডলস খাওয়ার পর তিন শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খাবার খাওয়ার পর তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, অ্যাম্বুলেন্স, ফরেনসিক দল ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারাও সেখানে যান। নিহত ব্যক্তিরা হলেন- ৩৭ বছর বয়সী মহেশ, তার স্ত্রী ৩৫ বছর বয়সী ললিতা এবং তাদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলে, যাদের বয়স ১১ ও ৩ বছর, এবং সাত বছর বয়সী এক মেয়ে রয়েছে।

নয়ডা পুলিশ এক বিবৃতিতে জানায়, স্থানীয় বাসিন্দা ও নিহত দম্পতির মায়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারটি নুডলস খেয়েছিল। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া বলেন, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিশ্রাম নিচ্ছিলেন। তাদের বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন বলে মনে হচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ওই অবস্থায় দেখতে পায়। ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে তদন্ত চলছে এবং পরিবারটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে ফরেনসিক দল। মৃত্যুর কারণ নির্ধারণে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, জেওয়ারের বিধায়ক ধীরেন্দ্র সিং নিহতদের বাড়ি পরিদর্শন করেছেন। তিনি জানান, এ ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হয়েছে। তার দাবি, পরিবারের সদস্যরা একটি বিষাক্ত পদার্থ গ্রহণের পর মারা গেছেন। পদার্থটি জব্দ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ধীরেন্দ্র সিং বলেন, জব্দ করা পদার্থটি পরীক্ষার মাধ্যমে বিষাক্ত বলে প্রমাণিত হলে সেটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে ফরেনসিক দল পৌঁছেছে এবং খাদ্য বিভাগও বিষয়টি তদন্ত করছে। ঘটনাটি গৌতম বুদ্ধ নগর জেলার জেওয়ার বিধানসভা এলাকার নাগলা পদম গ্রামে ঘটেছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত