ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার, সড়কেই ঝরলো প্রাণ
ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের সরকারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম মো. গোলাম রব্বানী (বিপি-৯৪২০২২৭০৭৫)। তিনি ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের বড় ফলিয়া গ্রামে। তার বাবার নাম মো. জালাল উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটি শেষে মাইক্রোবাসে করে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন এসআই গোলাম রব্বানী। পথে বগুড়ার শেরপুর উপজেলার সরকারবাজার এলাকায় পৌঁছালে তার বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর গোলাম রব্বানীর মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: