• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশে ঢুকে মারধর, কৃষকদের ধাওয়ায় পালালো বিএসএফ

প্রকাশিত: ২১:২৪, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশে ঢুকে মারধর, কৃষকদের ধাওয়ায় পালালো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশি কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষকদের মারধরের চেষ্টা করলে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এ সময় বিএসএফ সদস্যদের বিরুদ্ধে গুলি ও বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে বিএসএফের কয়েকজন সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় তারা মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকদের বিনা কারণে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ দ্রুত একত্রিত হন। তারা লাঠিসোঁটা হাতে নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন। একপর্যায়ে স্থানীয়দের প্রতিরোধ ও ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

স্থানীয়দের অভিযোগ, ধাওয়ার সময় বাংলাদেশি কৃষক ও বিএসএফ সদস্যদের মধ্যে মারধরের ঘটনাও ঘটে। পরে নিজেদের ভূখণ্ডে ফিরে গিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনুষ্ঠানিক বক্তব্য জানতে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ককে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি এবং এ-সংক্রান্ত একটি ভিডিও দেখেছি। তবে যেহেতু এটি সম্পূর্ণ সীমান্ত এলাকার বিষয়, তাই বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু না জানানো হলে আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।

বিভি/টিটি

মন্তব্য করুন: