গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
কুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার বুড়িচং পৌরসভার হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রফিকুল ইসলাম হরিপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি বুড়িচং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফেরেন রফিকুল ইসলাম। পরে বাড়ির পাশের পুকুরপাড়ে থাকা একটি জামগাছের ডাল কাটতে যান তিনি। ডাল কাটার পর সেটি বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মো. আজগর তাঁকে মৃত ঘোষণা করেন।
বুড়িচং থানার তদন্তকারী কর্মকর্তা মঞ্জরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: