ব্যবসার কথা বলে ডেকে নিয়ে বিএনপি নেতাকে মারধর, আহত ৪
শরীয়তপুরের নড়িয়ায় ব্যবসায়িক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি নোমান চোকদারসহ চার নেতাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নড়িয়া মাজেদা হাসপাতালের পেছনের সড়কে এ ঘটনা ঘটে।
আহত অন্যরা হলেন- নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজুল সিকদার এবং পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান রাজিব।
নোমান চোকদার অভিযোগ করে বলেন, স্থানীয় সালাউদ্দিন ছৈয়াল জরুরি কথা আছে বলে তাদের সেখানে ডেকে নেন। সেখানে পৌঁছানোর পর কিছু বুঝে ওঠার আগেই ২০ থেকে ২৫ জন তাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাদের উদ্ধারে কয়েকজন কর্মী এগিয়ে এলে তাঁরাও মারধরের শিকার হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে সালাউদ্দিন ছৈয়াল বলেন, ‘তাদের সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেন রয়েছে। আজকে আমাকে টাকা দেওয়ার কথা ছিলো। তাই তাদের আমার এলাকায় ডেকে আনি। টাকা চাওয়ার একপর্যায়ে তারা আমার সঙ্গে তর্কে জড়ান। এতে আমার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের মেরেছে।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিভি/এআই













মন্তব্য করুন: