কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত এক, আহত দুই
ঢাকার কেরানীগঞ্জের আতাশুরে আটতালা ভবনের ছাদে একটি প্লাস্টিকের খেলনা কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে সাকিব নামে এক শ্রমিক অগ্নিকান্ডে দগ্ধ হয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। আহতদের একজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় এই ঘটনা ঘটে।
ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান জানান, কারখানাটিতে সাতজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় শ্রমিকরা তাদের কারখানায় তৈরিকৃত খেলনায় বিভিন্ন রংয়ের স্প্রে করার সময় হঠাৎ কারখানাটিতে আগুন ধরে যায়। কারখানাটিতে তারপিন থিনার ও বিভিন্ন রংসহ অন্যান্য দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার শ্রমিক সাকিব আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। আর আগুনে দগ্ধ হয়ে আহত হন আরও দুই শ্রমিক। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন শ্রমিক আগুন লাগার সাথে সাথে অক্ষত অবস্থায় কারখানা থেকে বের হতে সক্ষম হয়েছেন।
আগুনের খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, পোস্তগোলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও ঢাকা ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে একটি ইউনিট মোট ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই কারখানায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তাা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। কারখানাটিতে অগ্নি নিরাপত্তার কোনও ব্যবস্থা ছিলো না।
বিভি/এসজি













মন্তব্য করুন: